মিয়ানমার সীমান্তের দিক থেকে আসা গুলিতে টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান (৯) মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হুজাইফার মৃত্যু নিশ্চিত করেছেন তার চাচা শওকত আলী। তিনি জানান, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সকালে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হুজাইফা। সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করেছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো।
এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানানো হয়েছে।