মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে বিএনপি প্রার্থী ও ফুটবল প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পালটা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সমর্থক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের অনুসারীরা মুন্সিকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে তাদের ওপর ধানের শীষ প্রতীকের সমর্থকরা হামলা চালায়। অভিযোগ রয়েছে, এ হামলায় নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ মোল্লা।
হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের নজরুল সরকারের ছেলে লিজন সরকার এবং জালাল সরকারের ছেলে মনির হোসেনকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, এখন পর্যন্ত দুইজন গুলিবিদ্ধ আহত হাসপাতালে এসেছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধ এবং নির্বাচনকে কেন্দ্র করেই এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।