ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না: তারেক রহমান

0
34
ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না: তারেক রহমান

বিএনপি শাসনক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পুনর্বহাল করতে চায় বিএনপি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে বাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয়। সেনাবাহিনীর গৌরব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর নিজেদেরই। নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে সেনা সদস্যদের সচেতন থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাবে না। রাজনীতির চাদরে যেন সেনাবাহিনীর পেশাদারত্ব ঢাকা না পড়ে, সে বিষয়ে প্রত্যেক সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত হয়—এমন কোনো কাজ বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও করে না এবং ভবিষ্যতেও করবে না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সব সময় বাংলাদেশের পক্ষের দল। রাজনৈতিক দল হিসেবে বিএনপি শক্তিশালী থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও শক্তিশালী থাকে এবং সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা অক্ষুণ্ন থাকে।

তিনি জানান, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের দিবসটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

বিগত দেড় দশকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সেনা কর্মকর্তা ও সদস্যরা নিজেদের বিবেককে প্রশ্ন করলে অনেক বিষয়েই উত্তর খুঁজে পাওয়া যাবে।

তিনি বলেন, দেশ ফ্যাসিস্ট ও তাবেদারির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র ও মানুষের স্বাধীনতাই নয়, একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়েছিল। এমনকি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর পিলখানায় পরিকল্পিতভাবে সংঘটিত সেনা হত্যাযজ্ঞের পরও দিনটি যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হয়নি বা করতে দেওয়া হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

তারেক রহমান অভিযোগ করেন, ওই হত্যাকাণ্ডের পর পতিত ফ্যাসিস্ট শক্তি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দেয় এবং বাহিনীর ইউনিফর্মও বদলে ফেলে।

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনাবাহিনীর কিছু বিধিমালার পরিমার্জন বা সংস্কারসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দেওয়া সুপারিশের বিষয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের ইচ্ছাও রয়েছে বলে জানান তিনি।