দক্ষিণ কোরিয়ায় একটি সামরিক প্রশিক্ষণ উড়ানের সময় এএইচ-১এস কোবরা অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন সেনাসদস্য ও একজন প্রশিক্ষক নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টার পর গ্যাপিয়ং জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিন সচল রেখে জরুরি অবতরণের বিশেষ প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে এটি সরাসরি ভূমিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারের দুই চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এই ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তার স্বার্থে বাহিনীর বহরে থাকা সব এএইচ-১এস কোবরা হেলিকপ্টারের অপারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।