ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, আশুগঞ্জ উপজেলার ওই ৮টি কেন্দ্রের তালিকা তিনি পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন। তার দাবি, তাদের নেতাকর্মীরা “কিছুটা প্রশাসনিক হেনস্থার” শিকার হচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, তার দুইজন কর্মীকে পুলিশ বুধবার রাতে ধরে নিয়ে গেছে। রুমিন ফারহানার ভাষ্য অনুযায়ী, রাতে “খেজুর গাছ প্রতীকে সিল মারার” পরিকল্পনার আশঙ্কা থাকায় ওই কর্মীরা পাহারায় ছিলেন, কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদের আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন।