নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সকাল থেকেই দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
তিনি দিন শেষে ভোটার উপস্থিতির হার বা ‘টার্নআউট’ সন্তোষজনক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ইসি সানাউল্লাহ।
ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, পরিদর্শিত কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোটার ভোট দিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসেনি। সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। শহর এলাকার ভোটাররা সাধারণত কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন-এটিকে একটি ‘হ্যাবিট’ (অভ্যাস) হিসেবে উল্লেখ করে তিনি জানান, গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে সকাল থেকেই উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, “কিছু কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। এটি উৎসাহব্যঞ্জক।”
ভোটার তালিকায় নাম না পাওয়া বা কারিগরি জটিলতার বিষয়ে তিনি বলেন, “হাজারে একটি টেকনিক্যাল গ্লিচ হতে পারে।” মাইগ্রেশন সংক্রান্ত সমস্যাগুলো ডাবল চেক করার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।