মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ১

0
42
মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ১

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে চিকিৎসক সমাজ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৯ জনকে আসামি করে মহম্মদপুর থানা–য় মামলা দায়ের করা হয়। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত মাজহারুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর ১২টা ২ মিনিটের দিকে ১০–১২ জনের একটি দল জরুরি বিভাগে ঢুকে ডা. আসাদুর রহমানকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করে। ফুটেজে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি স্টিক দিয়ে আঘাতের চেষ্টার দৃশ্য ধরা পড়ে।

ঘটনার বিষয়ে ডা. আসাদুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই রোগীকে চিকিৎসা দেওয়ার পর তিনি শ্বাসকষ্টে আক্রান্ত আরেক রোগীকে দেখছিলেন। এ সময় এক ব্যক্তি তার সঙ্গে কথা বলতে চাইলে তাকে বাইরে বসতে বলা হয়। কিন্তু তিনি রোগীর চেয়ারে বসে বিরক্ত করতে থাকেন। রোগীর চেয়ার ছেড়ে বাইরে বসার অনুরোধ জানালে ক্ষুব্ধ হয়ে হামলা চালানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নূর মোহাম্মদ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের আত্মীয়। ওই রোগীর বিষয়ে কথা বলতে গিয়েই এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী আবু আহসান জানান, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা জেলা শাখা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।