টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ প্রত্যাশা অনুযায়ী উত্তেজনা ছড়াতে পারেনি। যে ম্যাচ ঘিরে আইসিসির বিশেষ আয়োজন ছিল, সেটিই শেষ পর্যন্ত হয়ে ওঠে একপেশে লড়াই। কলম্বোতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। এই জয়ে তিন ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে পাকিস্তান, তাদের ওপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। এরপর জাস্প্রিত বুমরাহর দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান বাবর আজমও। দ্রুত চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। পরে উসমান খান ও শাদাব খান জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। শাদাব খান করেন ১৪ রান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান যোগ করেন। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
এর আগে টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানান এবং প্রথম ওভারেই বল হাতে নেমে অভিষেক শর্মাকে শূন্য রানে ফেরান। তবে এরপর ইষাণ কিষাণ ও তিলক ভার্মা ভারতের ইনিংস সামাল দেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ইষাণ। মাত্র ২৭ বলে তুলে নেন অর্ধশতক এবং ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সাইম আইয়ুবের বলে থামে তার ইনিংস।
পরে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়েন। তিলক ২৪ রানে আউট হন এবং পরের বলেই ফিরে যান হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে ভারত। শক্তিশালী এই সংগ্রহই ম্যাচে বড় ব্যবধানে জয়ের ভিত গড়ে দেয়।