দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পেল না ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল। প্রতিপক্ষের মাঠ মোলিনাক্স স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে উলভারহ্যাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা, তবে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান এখন ৫ পয়েন্টে নেমে এসেছে। সিটি পরের ম্যাচে জিতলে এই ব্যবধান কমে দাঁড়াবে ৩ পয়েন্টে।
বুধবার রাতে ম্যাচের শুরুতেই লিড পায় আর্সেনাল। ৫ মিনিটে বুকায়ো সাকার হেডে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ১-০। বিরতির পর ৫৬ মিনিটে পিয়েরো ইঙ্কাপিয়ে গোল করে আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করেন। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে নিচু হয়ে যাওয়া গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নিয়ে জাল খুঁজে পান তিনি।
তবে দুই গোল খেয়েও ম্যাচ ছাড়েনি উলভস। ৬১ মিনিটে হুগো বুয়েনো বক্সের মাথা থেকে বাঁকানো শটে গোল করে ব্যবধান কমান। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে আর্সেনালের জন্য বড় ধাক্কা। টম এডোজির শট বারে লেগে ফিরলেও পাশে থাকা আর্সেনাল ডিফেন্ডার রিকার্দো কালাফিওরির গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়—আত্মঘাতী গোলেই ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।
টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোয় শিরোপা দৌড়ে চাপ বেড়েছে আর্সেনালের ওপর। ম্যাচ শেষে বুকায়ো সাকা হতাশা প্রকাশ করে বলেন, “প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় বড় পার্থক্য ছিল। আমরা নিজেদের মান হারিয়েছি এবং তার শাস্তিও পেয়ে গেছি। এখন নিজেদের দিকে মনোযোগ দেওয়ার পালা, নিজেদের খেলার মান এবং পারফরম্যান্সে উন্নতি করতে হবে—এটি আমাদের নিয়ন্ত্রণে আছে।”