ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত

0
22
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত

ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক শাহরিয়ার রহমান শান্ত (৩১) ও আরোহী টোটন হোসেন (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার রহমান শান্ত ঝিনাইদহ শহরের আরাপপুর গ্রামের দুঃখী মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। অপর নিহত টোটন হোসেন একই শহরের ব্যাপারীপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ওই রাতে পবহাটি কলারহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শান্ত ও টোটন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শান্তের মৃত্যু হয়। পরে গুরুতর আহত টোটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলেও ভোরের দিকে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শান্তের মৃত্যু হয়েছিল। টোটনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছিল। পরে ভোরে খবর পাওয়া যায়, ঢাকায় যাওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেছেন।