নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

0
23
নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবু ছাঈদ মোগলকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়দের একাংশ অভিযুক্তদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের মোগলবাড়িতে এ ঘটনা ঘটে। আহত আবু ছাঈদ মোগলের পরিবার জানায়, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি বিরোধপূর্ণ জমিতে গেলে স্বপন মোগল তাকে বাধা দেন এবং মারধর করেন বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে আবু ছাঈদ মোগল ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ছোট ভাই কিরণ মোগল দা দিয়ে তাকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেন বলে পরিবারের দাবি। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার মেয়ে রোকেয়া লিপি। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু ছাঈদ মোগলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে তিনটি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, জমি বিরোধের ঘটনায় রোকেয়া লিপি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।