নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্সকে জামফারা অঙ্গরাজ্যের বুক্কুয়ুম দক্ষিণ আসনের আইনপ্রণেতা হামিসু এ. ফারু জানান, বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটা থেকে শুক্রবার ভোর সাড়ে তিনটা পর্যন্ত তুঙ্গান দুৎসে গ্রামে হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। তারা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পালানোর চেষ্টা করলে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
ফারু বলেন, হামলাকারীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং এ পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে অপহৃতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসন ও ঐতিহ্যবাহী নেতারা কাজ করছেন।
তুঙ্গান দুৎসে গ্রামের ৪১ বছর বয়সী বাসিন্দা আবদুল্লাহি সানি জানান, হামলায় তাঁর পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, ‘গত রাতে কেউ ঘুমাতে পারেনি। আমরা সবাই শোকাহত।’
সানি আরও বলেন, হামলার এক দিন আগে গ্রামবাসীরা ১৫০টির বেশি মোটরসাইকেলে করে সশস্ত্র লোকজনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন এবং বিষয়টি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষকে জানান। কিন্তু তাঁদের সতর্কবার্তা উপেক্ষা করা হয়।
নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতা বড় উদ্বেগের বিষয়। উত্তরাঞ্চলে ‘ডাকাত’ হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং গ্রামবাসীদের বাস্তুচ্যুত করার ঘটনা বেড়েছে। ক্রমবর্ধমান সহিংসতার মুখে দেশটির সরকারের ওপর স্থিতিশীলতা ফিরিয়ে আনার চাপ বাড়ছে।