নারী এশিয়ান কাপে অংশ নিতে সিডনি পৌঁছেছে বাংলাদেশ দল

0
8
নারী এশিয়ান কাপে অংশ নিতে সিডনি পৌঁছেছে বাংলাদেশ দল

১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশ নিতে গতকাল রাতে সিডনি পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ান সময় রাত সাড়ে বারোটায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছান অধিনায়ক ঋতুপর্ণারা। মাত্র সাত ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ স্থানীয় সময় সকাল আটটায় অনুশীলন শুরু করান কোচ পিটার বাটলার।

সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি থাকলেও অনুশীলন ভালোই হয়েছে বলে জানিয়েছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বাফুফের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট রয়েছে। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমাদের ট্রেনিং ভালোই হয়েছে।’

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দল এএফসির অফিসিয়াল টিম হোটেলে উঠবে। এর আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই থাকবেন ঋতুপর্ণারা। এই স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা সম্পর্কে গোলরক্ষক কোচ বলেন, ‘একটি প্রপার ফুটবল দলের জন্য যেসব সুযোগ-সুবিধা দরকার, সবই এখানে রয়েছে।’

সিডনিতে সকাল ও দুপুরে বেশ গরম আবহাওয়া বিরাজ করছে। সকালে দুই ঘণ্টা মাঠে অনুশীলনের পর বিকেলে জিমে শরীরচর্চা করেছেন খেলোয়াড়রা। আগামীকাল সকালেও অনুশীলনের সূচি রয়েছে। এছাড়া ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।