প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

0
4
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ শনিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানো এবং সমুদ্রসম্পদ রক্ষার বিষয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের পেশাদারি ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের বিশাল সমুদ্রসীমা সুরক্ষায় নৌসদস্যদের নিরলস প্রচেষ্টার জন্য সন্তোষ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে নৌবাহিনীর পক্ষ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত—শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে, দুর্জয়।’