শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

0
8
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন। কবরস্থানে পৌঁছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয় এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াত আমির নিজেই।

এ সময় উপস্থিত দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় এবং তাদের স্মৃতি সংরক্ষণ ও আদর্শ বাস্তবায়ন জাতির নৈতিক দায়িত্ব।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোট থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত এবং এনপিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল দলটি।