নিউক্যাসেলকে হারিয়ে আর্সেনালের কাছাকাছি ম্যানচেস্টার সিটি

0
8
নিউক্যাসেলকে হারিয়ে আর্সেনালের কাছাকাছি ম্যানচেস্টার সিটি

গত সপ্তাহে উলভসের বিপক্ষে আর্সেনালের অপ্রত্যাশিত ড্রয়ের সুযোগ ভালোভাবে কাজে লাগাল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে গানারদের আরেকটু কাছে এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান এখন মাত্র দুই।

গতকাল শনিবার ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ঘাম ঝরানো লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৮।

ম্যাচে তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে, আধঘণ্টার মধ্যে। ২০ বছর বয়সী নিকো ও’রেইলি জোড়া গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দেন। ইতিহাদে ১৪ মিনিটে নিকোর দূরপাল্লার শটে এগিয়ে যায় স্বাগতিক সিটি। তবে মাত্র আট মিনিট লিড ধরে রাখতে পেরেছিল তারা। ২২ মিনিটে লুইস হল নিউক্যাসেলের হয়ে সমতা ফেরান। কিন্তু তার মাত্র পাঁচ মিনিট পর নিকোর হেডে আবারও এগিয়ে যায় সিটি।

বৃষ্টিস্নাত দ্বিতীয়ার্ধে বলের দখল ধরে রাখলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় ম্যানচেস্টার ক্লাব। অন্যদিকে মাত্র এক গোলের ব্যবধান সত্ত্বেও পয়েন্ট আদায় করতে পারেনি নিউক্যাসেল। স্টপেজ টাইমে হার্ভি বার্নেস গোল করার খুব কাছে গিয়েছিলেন, তবে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা আঙুলের ছোঁয়ায় বলটি লক্ষ্যভ্রষ্ট করেন।