১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

0
31
১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

দীর্ঘ ১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছান। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় দেশ পরিচালনার দায়িত্ব পালন শেষে আবারও নিজ প্রতিষ্ঠানে ফিরলেন এই ক্ষুদ্রঋণ আন্দোলনের পথিকৃৎ।

সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা উষ্ণ অভ্যর্থনায় তাঁকে স্বাগত জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এদিন ড. ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তিনি তাঁদের সঙ্গে একটি বৈঠকেও মিলিত হন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত এই অর্থনীতিবিদ জানিয়েছেন, চলতি মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন ‘যমুনা’ থেকে ঢাকার গুলশানে নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দেড় বছর দেশ পরিচালনার পর সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের বিজয় ও নতুন সরকার গঠনের মধ্য দিয়ে তাঁর অন্তর্বর্তীকালীন দায়িত্বের অবসান ঘটে। এখন নিজের প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারে ফিরে সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুনরায় মনোনিবেশ করবেন বলে জানা গেছে।