পুলিশে ২,৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
8
পুলিশে ২,৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুব দ্রুতই পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্টেবল নিয়োগের এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন শুরু হবে। জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের প্রধান উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেন।

নিয়োগ প্রসঙ্গের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনর্যাচাই করার বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো আবারও ভেরিফাই করা হবে। লাইসেন্স প্রদানের প্রক্রিয়া যথাযথ ছিল কি না এবং লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা তা পাওয়ার প্রকৃত উপযুক্ত কি না, সেটি খতিয়ে দেখা হবে বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, যেসব লাইসেন্স রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে প্রমাণিত হবে, সেগুলো বাতিল করা হবে এবং সেসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও বাতিল বলে গণ্য হবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, তাঁর জানামতে দশ হাজারেরও বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো বর্তমানে অবৈধ বলে বিবেচিত। এসব অস্ত্র নিয়ে মামলা হতে পারে বলেও তিনি সতর্ক করেন এবং যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন।