হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

0
7
হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ জনের মধ্যে রানী আক্তার (৪০) মারা গেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই তার মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে ঢাকায় স্থানান্তরের জন্য বের করা হয়েছিল। রানী আক্তার কুমিল্লা জেলার বরুড়া থানার বাগমারা এলাকার বাসিন্দা।

নিহতের আত্মীয় মো. মকবুল জানান, পথেই তার মৃত্যু হয় এবং মরদেহ কুমিল্লার বাড়িতে নেওয়া হচ্ছে। বাকি আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এর আগে সোমবার ভোররাতে ‘হালিমা মঞ্জিল’ নামের ভবনের তৃতীয় তলায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), উম্মে আইমন (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) এবং রানী আক্তার (৪০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাখাওয়াত হোসেন, পাখি আক্তার ও রানী আক্তারের শ্বাসনালির শতভাগ পুড়ে যায়। মো. শিপনের শ্বাসনালির ৮০ শতাংশ পুড়েছে। মো. সুমন ও মো. শাওনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিন শিশু—মো. আনাস, উম্মে আইমন ও আয়েশা আক্তারের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনের গ্যাস লিকেজ হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।