শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আট কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না তা নিরূপণ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। এ কারণে ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনার অনুমতি চাওয়া হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন।