সেনাবাহিনীর মনোবল ভাঙতেই বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড: মির্জা ফখরুল

0
12
সেনাবাহিনীর মনোবল ভাঙতেই বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতির জন্য লজ্জাজনক ও কলঙ্কজনক একটি দিন। এদিন ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করা হয়। তার ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার গভীর চক্রান্ত ছিল এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দেশের জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঘুরে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি এবং দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

শেষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান মন্ত্রী।