সাকিব ইস্যুতে মুখ খুললেন খালেদ মাসুদ পাইলট

0
37
সাকিব ইস্যুতে মুখ খুললেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুলেছেন দেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। সাকিবের ক্যারিয়ার, রাজনীতিতে সম্পৃক্ততা ও তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাইলট বলেন, ব্যক্তিগতভাবে তিনি সাকিবের বড় ভক্ত। তার ভাষায়, মানুষ মাত্রই ভুল করে। খেলার সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়াকে তিনি ভুল সিদ্ধান্ত হিসেবে দেখলেও মনে করেন, জাতীয় দলে খেলার সময় কোনো খেলোয়াড়েরই রাজনীতির সঙ্গে যুক্ত থাকা উচিত নয়।

সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার প্রসঙ্গে পাইলট সন্দেহ প্রকাশ করে বলেন, তার জানা মতে একটি হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। তবে দেশের প্রেক্ষাপটে অনেক ভুয়া মামলা হয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, একজন রিকশাচালককে বিদেশ থেকে সাকিব হত্যা করেছেন—এমন অভিযোগ তার কাছে সন্দেহজনক ও অস্বাভাবিক মনে হয়।

তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের দায়িত্ব হলো অভিযোগকারী ব্যক্তি কী ভিত্তিতে মামলা করেছেন তা খতিয়ে দেখা এবং বিষয়টির যথাযথ সমাধান করা। রাজনৈতিক মামলা আলাদা হতে পারে, তবে সাকিবের নামে যে মামলা হয়েছে সেটি ভুল হতে পারে বলেও ব্যক্তিগত মত দেন খালেদ মাসুদ পাইলট।