আজ বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: কখন ও কোথায় দেখা যাবে?

0
35
আজ বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: কখন ও কোথায় দেখা যাবে?

আজ মঙ্গলবার (৩ মার্চ) মহাকাশপ্রেমীদের জন্য এক অনন্য দিন। ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দীর্ঘ বিরতির পর আকাশকে এক মায়াবী রূপ দেবে। গ্রহণ চলাকালীন পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ যখন লালচে বা তামাটে রঙ ধারণ করবে, তখন একে দেখা যাবে ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ হিসেবে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রহণের মূল প্রক্রিয়া শুরু হবে আজ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে। পূর্ণ গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণের সময় নির্ধারিত হয়েছে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। মূলত পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য প্রতিসারিত হয়ে চাঁদের অন্ধকার পৃষ্ঠে পড়ায় চাঁদকে রক্তাভ দেখায়।

কখন ও কোথায় দেখা যাবে?

কেন্দ্রীয়ভাবে এই গ্রহণ উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন সাগর এবং মাইক্রোনেশিয়ার বিভিন্ন অংশে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত গ্রহণের শেষ অংশ দেখা যাবে।

বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে গ্রহণ দেখার সময়:

বিভাগীয় শহর

গ্রহণ শুরুর সময় (সন্ধ্যা/বিকেল)

ঢাকা

০৬:০১:১২

চট্টগ্রাম

০৫:৫৬:২৪

সিলেট

০৫:৫৪:৩০

রাজশাহী

০৬:০৭:৩৬

খুলনা

০৬:০৫:১২

বরিশাল

০৬:০১:৫৪

ময়মনসিংহ

০৬:০০:২৪

রংপুর

০৬:০৪:৩৬

আইএসপিআর আরও জানিয়েছে, রাত ৮টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়া থেকে বেরিয়ে আসার মাধ্যমে এই মহাজাগতিক ঘটনার পরিসমাপ্তি ঘটবে। নাসার তথ্যমতে, সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর বৈজ্ঞানিক কারণ এবং এই ব্লাড মুনের কারণ একই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here