লক্ষ্মীপুরে রিকশা দাঁড় করানো নিয়ে সংঘর্ষ: যুবদল নেতার মৃত্যু

0
26
লক্ষ্মীপুরে রিকশা দাঁড় করানো নিয়ে সংঘর্ষ: যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে মারধরের শিকার হয়ে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর মেইন রোডের একটি ফলের দোকানের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহ আলম বায়োতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী নামের এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় পরিস্থিতি শান্ত করতে ও বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। এতে ক্ষিপ্ত হয়ে আরমান বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর রায়পুর মেইন সড়ক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত আরমানকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here