তামিমের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি: প্রথম লক্ষ্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও দ্রুত নির্বাচন

0
27
তামিমের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি: প্রথম লক্ষ্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও দ্রুত নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অন্তর্বর্তীকালীন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই তাদের কর্মপরিকল্পনা পরিষ্কার করেছে। দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায়ই নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেছেন তামিম ইকবাল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, তাদের প্রধান লক্ষ্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং গত দেড় বছরে নষ্ট হওয়া বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধার করা।

নির্বাচন প্রসঙ্গে তামিম বলেন, “আমাদের একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে—তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা যতটা সততা ও দ্রুততার সঙ্গে এটি সম্পন্ন করা যায়, সেই চেষ্টা করব।” তিনি আরও জানান, যখন একটি স্বচ্ছ নির্বাচন হবে, তখন আগ্রহী সবাইকে এতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হবে।

নির্বাচন আয়োজন ছাড়াও বর্তমান কমিটির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনা। তামিম বলেন, “আমরা ব্যক্তিগতভাবে ফিল করি যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। গত এক-দেড় বছরে এই রেপুটেশন যে ড্যামেজ হয়েছে, তা মেরামত করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নতুন অ্যাডহক কমিটির সদস্য হিসেবে থাকছেন—তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এদিকে নতুন কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নে ক্রীড়া আইন অনুযায়ী কোনো বাধা নেই বলে জানা গেছে। তবে সর্বশেষ নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগে নিজেকে সরিয়ে নেওয়া তামিম ইকবাল এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এখন দেখার বিষয়, মাত্র তিন মাসের মধ্যে এই অন্তর্বর্তীকালীন কমিটি কতটা সফলভাবে বিসিবির অভ্যন্তরীণ সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here