বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
এই আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে বিসিবির নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। সেই পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠার পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে বিসিবির পুরনো বোর্ড ভেঙে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হলো।