সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে খুবই উদার এবং সচেষ্ট বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করতে এলে স্পিকার এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, জাতীয় সংসদের অধিবেশন ও কার্যপ্রণালী বিধিসহ নানা বিষয়ে আলোচনা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করা প্রয়োজন। নতুন সংসদ সদস্যদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ইউএনডিপি ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে সহযোগিতা করতে পারে। এছাড়া নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সহায়তায় দ্বিপাক্ষিক সফর বিনিময় করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
স্পিকার আরও বলেন, জাতীয় সংসদে ডিজিটাইজড লাইব্রেরি ব্যবস্থার প্রবর্তন, অধিবেশনের কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা অত্যাবশ্যক।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে অত্যন্ত ‘প্রাণবন্ত’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী এবং এই সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে তারা দেশের চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মতামত বিনিময় করেন। এ সময় তারা এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোর নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন।