বিশ্বকাপের আগে ইউরোপীয় প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা, চূড়ান্ত হলো প্রীতি ম্যাচের সূচি

0
16
বিশ্বকাপের আগে ইউরোপীয় প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা, চূড়ান্ত হলো প্রীতি ম্যাচের সূচি

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হয়নি। স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা বাতিল হওয়ায় এমন আশঙ্কা তৈরি হয়েছিল যে, ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিপক্ষ ছাড়াই বিশ্বকাপ খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। তবে সেই শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

নতুন সূচি অনুযায়ী, ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরোপীয় দল আইসল্যান্ডকে বেছে নেওয়ায় বিশ্বকাপের আগে বড় কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ছাড়াই আসরে নামার যে দুশ্চিন্তা ছিল, তা থেকে মুক্তি পেল আর্জেন্টিনা।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ৬ জুন টেক্সাসের এজিস কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামার অবার্ন জর্ডান-হারে স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে মেসি-আলভারেজরা। এর আগে গত মার্চে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলে কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন কোচ স্কালোনি। সেই ম্যাচগুলোর পারফরম্যান্স পর্যালোচনা করেই এখন বিশ্বকাপের চূড়ান্ত দল সাজানোর পরিকল্পনা করছেন তিনি। মে মাসের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের হেক্সা মিশন। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here