গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ৯ জনকে উদ্ধার করেছে একটি বাণিজ্যিক জাহাজ। পরে উদ্ধারকৃতদের বাংলদেশ কোস্ট গার্ডের জাহাজে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ৯ এপ্রিল দুপুর ১টার দিকে আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী গভীর সমুদ্রে পানির ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে ভাসতে থাকা কয়েকজন মানুষকে দেখতে পায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা। তারা উদ্ধার অভিযান চালিয়ে ৮ পুরুষ ও একজন নারীসহ মোট ৯ জনকে জীবিত উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও খাদ্যসহ মানবিক সহায়তা প্রদান করে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ট্রলারডুবি বা অন্য কোনো কারণে এসব লোকজন সাগরে পড়ে যেতে পারেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।”