মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি আজ

0
10

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশন প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে না পারায় আদালত আজকের দিনটি পুনর্নির্ধারণ করেন। আজ শুনানির শুরুতে প্রসিকিউশন তাদের বক্তব্য পেশ করবে।

এই মামলায় বর্তমানে চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। তাদের আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

অন্যদিকে, মামলায় পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। গত ১৮ জানুয়ারি আদালত এই ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসতা চালায়। আসামিদের উসকানি ও প্রত্যক্ষ উপস্থিতিতে চালানো গুলিতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন প্রাণ হারান। এই ঘটনায় আহত হন আরও অসংখ্য মানুষ, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here