হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0
2
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মতো কোনো সমঝোতা না হলে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা সংলাপ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

পিট হেগসেথ বলেন, ‘হরমুজ প্রণালিতে অবরোধ এখনো পুরোপুরি কার্যকর রয়েছে।’ তবে সমঝোতা হোক বা না হোক, ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথ সবার জন্য উন্মুক্ত ও বাধামুক্ত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে পুনরায় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’ তবে তিনি একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন।

এদিকে ইরানের দাবি, তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরান এমন দাবি করলেও বাস্তবে পরিস্থিতির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। চলমান আলোচনা ও সামগ্রিক পরিস্থিতি সেটিই প্রমাণ করছে।’

পারমাণবিক ইস্যু নিয়ে চলমান আলোচনার প্রসাথে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো চুক্তির মূল লক্ষ্য হবে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা স্থায়ীভাবে নিশ্চিত করা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here