রাতেই দেশের ৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

0
15
রাতেই দেশের ৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

বৈশাখের শুরুতে তীব্র রোদের মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। এ পরিস্থিতিতে শনিবার (১৮ এপ্রিল) রাতের মধ্যেই দেশের ৮ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জের নিকলি, ময়মনসিংহ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here