সারাদেশে একযোগে অনুষ্ঠিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫,৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১,০৮৯ জন।
একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১,২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায় ২,৩০৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।
এদিকে, সারাদেশে প্রথম দিনে ১১টি শিক্ষা বোর্ডে নকল ও অসদুপায় অবলম্বন করায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে দুইজন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চার পরীক্ষার্থী রয়েছে।
এ ছাড়া, যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে (শিক্ষক) বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ২,৭৪৬ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। রাজশাহী বোর্ডে ১,৯৫৮ জন আর কুমিল্লা বোর্ডে ১,৪২৬ জন অনুপস্থিত ছিল।
যশোর বোর্ডে অনুপস্থিত ছিল ১,৪৪১ জন। চট্টগ্রাম বোর্ডে ১,০০৩ জন অনুপস্থিত ছিল। সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ৬৭৪ জন এবং বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ৯১১ জন পরীক্ষার্থী।
এ ছাড়া, দিনাজপুর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ০. ৮৩% এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। সবশেষ ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৭৫৩ জন।
এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১১,২১১ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২,৩০৭ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।