কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে একসঙ্গে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— নুরুল বশর (২৮), রবি আলম (২৩) ও মুজিবুর রহমান (২৮)। তারা সবাই উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মোর্শেদ আলম নামে এক ব্যক্তি রবি আলমকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ভোরে মুজিবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় শামলাপুরের একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে পাহাড়ের একটি গোপন আস্তানা থেকে নুরুল বশরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই স্থান থেকে পুলিশ রবি আলমের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, মোর্শেদ আলম গ্রুপ ও আরেকটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কেউ কেউ বলছেন, অপহরণ চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার জেরেও এ ঘটনা ঘটতে পারে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।