ডি পল ও সুয়ারেজের নৈপুণ্যে ইন্টার মিয়ামির দাপুটে জয়

0
28
ডি পল ও সুয়ারেজের নৈপুণ্যে ইন্টার মিয়ামির দাপুটে জয়

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের ধারা অব্যাহত রেখেছে ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের দুই গোলে রিয়াল সল্ট লেককে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির দল।

অন্তর্বর্তীকালীন কোচ গুইলারমো হোয়োসের অধীনে এটি মিয়ামির টানা দ্বিতীয় জয়। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় আরও মজবুত করলো মিয়ামি।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা থাকলেও শেষ ১০ মিনিটে খেলার মোড় ঘুরিয়ে দেয় মিয়ামি। ৮২ মিনিটে কর্নার থেকে বুদ্ধিদীপ্ত পাস ধরেন ডি পল। অরক্ষিত অবস্থায় থাকা এই আর্জেন্টাইন তারকা দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙেন।

এর ঠিক এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। বদলি হিসেবে নামা এই উরুগুইয়ান তারকা জার্মান বার্টেরামের পাস থেকে বাম পায়ের নিখুঁত শটে গোল নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি ডি পল ও সুয়ারেজ—উভয়েরই দ্বিতীয় গোল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো রিয়াল সল্ট লেক। ৫ম মিনিটে মর্গান গুইলাভোগুই গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। বিরতির পর জ্যাভিয়ার গোজো ও ডিয়েগো লুনা বেশ কিছু সুযোগ পেলেও গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের দৃঢ়তায় জালের দেখা পায়নি তারা। সেন্ট ক্লেয়ার ম্যাচে চারটি দারুণ সেভ করে মৌসুমে নিজের প্রথম ক্লিন শিট বজায় রাখেন। অন্যদিকে সল্ট লেকের গোলরক্ষক রাফায়েল কাবরাল পাঁচটি সেভ করলেও হার এড়াতে পারেননি।

ইন্টার মিয়ামির মহাতারকা লিওনেল মেসি প্রথমার্ধে একটি জোরালো শট নিলেও তা কাবরাল রুখে দেন। প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও দ্বিতীয়ার্ধে মেসির উপস্থিতিতে সল্ট লেক রক্ষণভাগ চাপে ছিলো, যার সুফল পায় ডি পল ও সুয়ারেজ।

এই হারের মাধ্যমে রিয়াল সল্ট লেকের টানা ছয় ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটলো। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা টেবিলের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here