লা লিগার শিরোপা ধরে রাখার পথে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের ব্যবধান ৯ পয়েন্টে বাড়িয়েছে হানসি ফ্লিকের দল। তবে জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে দলের তরুণ তারকা লামিনে ইয়ামালের চোটে।
ম্যাচের ৪০ মিনিটে ডি-বক্সের ভেতরে ইয়ামালকে ফাউল করেন সেল্টা ভিগোর ইয়োয়েল লাগো। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে নিখুঁত শটে বার্সাকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে গোল করার পরই অস্বস্তিতে মাঠে লুটিয়ে পড়েন তিনি। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করায় চিকিৎসকদের সহায়তায় খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় ইয়ামালকে।
এই চোট বার্সেলোনা ও স্পেন—দুই দলের জন্যই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনে রয়েছে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো, যেখানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এছাড়া জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে স্পেন দলের জন্যও ইয়ামালের ফিটনেস গুরুত্বপূর্ণ। চলতি মৌসুমে লা লিগায় ইতোমধ্যে ১৬ গোল ও ১১টি অ্যাসিস্ট করে নিজেকে দলের অন্যতম ভরসায় পরিণত করেছেন তিনি।
ম্যাচ শেষে সতীর্থ পেদ্রি বলেন, ইয়ামালের চোট গুরুতর নয় বলেই তারা আশা করছেন। পরীক্ষার পরই তার চোটের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তরুণ হওয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লিগে এখন বাকি মাত্র ছয়টি ম্যাচ। এই জয়ের ফলে ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, আর তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল। শিরোপার দৌড়ে এখন স্পষ্টভাবেই এগিয়ে গেল কাতালান ক্লাবটি।