এনআইডিতে এবার যুক্ত হবে পিতা-মাতার ইংরেজি নাম

0
26
এনআইডিতে এবার যুক্ত হবে পিতা-মাতার ইংরেজি নাম

পাসপোর্ট, ভিসা এবং আন্তর্জাতিক চলাচলের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পিতা-মাতার বাংলা নামের পাশাপাশি ইংরেজি নামও অন্তর্ভুক্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি, নিবন্ধন ফরমে ব্যক্তির ডাকনামসহ পিতা-মাতার ডাকনামও যুক্ত করা হবে।

গতকাল ইসির এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের শিক্ষা সনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টে নিজ নামের পাশাপাশি পিতা-মাতার নাম ইংরেজিতে লিপিবদ্ধ থাকে। কিন্তু জাতীয় পরিচয়পত্রে শুধু বাংলা লিপিতে লিপিবদ্ধ থাকে। এনআইডিতে ইংরেজি নাম না থাকার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বিভিন্ন দেশের ভিসা পেতে গেলে ইংরেজি নামের প্রয়োজন হয়। এসব বিষয় বিবেচনা করেই নাগরিকদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্ত কবে নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনা অনেক আগে থেকেই নেয়া হয়েছিল। সদ্য বিদায়ী এনআইডির মহাপরিচালক এ এ এস এম হুমায়ুন কবীরের দায়িত্বকালে কমিশনে ফাইল উপস্থাপন করা হলে কমিশন তা অনুমোদন করে এবং এ সংক্রান্ত আইন-বিধি নির্ধারণের কাজ চলছে।

এ ছাড়া এনআইডির নিবন্ধন ফরম-২-এ কিছু পরিবর্তনও আসছে। যেমন: মূল নামের পাশে একটি ফিল্ড যুক্ত করা হবে, যেখানে নাগরিকের ডাকনাম এবং পিতা-মাতার ডাকনামও থাকবে। এ তথ্য শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে, এনআইডিতে প্রিন্ট হবে না। আবার ভোটার হতে এলাকার বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ফিল্ডও যুক্ত হবে।

এ বিশিষ্ট ব্যক্তি বলতে স্কুল-শিক্ষক, ডাক্তার কিংবা সমাজে পরিচিতি আছে এমন যে কেউ হতে পারেন। এতে ভিনদেশিরা প্রতারণার মাধ্যমে ভোটার হতে পারবে না এবং ভোটার তালিকা ও নাগরিকদের তথ্যের শুদ্ধতা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, পিতা-মাতার ইংরেজি নামের পাশাপাশি স্বামী-স্ত্রীর নামও ইংরেজিতে থাকবে। তবে পিতা-মাতার ডাকনাম, নিজের ডাকনাম ও স্বামী-স্ত্রীর ডাকনাম শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এনআইডিতে শুধু নিজ নাম ও পিতা-মাতার নাম ইংরেজি ও বাংলা দুই ভার্সনে লিপিবদ্ধ হবে।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর ইংরেজি নাম যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আইন-বিধি পর্যালোচনা করা হচ্ছে, যা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ছাড়া পিতা-মাতার ডাকনাম যুক্ত করা হবে, তবে তা এনআইডিতে প্রিন্ট করা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here