ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

0
29
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই মরণব্যাধির চিকিৎসা নিচ্ছেন।

তবে ইরানের পক্ষ থেকে এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহারের সুযোগ না দিতেই তিনি এতকাল বিষয়টি গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন।

৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যানসারের বিষয়টি উল্লেখ করা হয়নি।

সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার বা মরণব্যাধি শনাক্ত করেছিলেন। তবে বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি।

প্রধানমন্ত্রীর এই বিবৃতির পাশাপাশি তার চিকিৎসকদের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক পত্রও প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত।

নেতানিয়াহু নিজেই সামাজিক মাধ্যমে লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার প্রস্টেটে সামান্য একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা এখন পুরোপুরি সেরে গেছে।

প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে দুই মাস দেরি করার বিষয়ে নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরাইলের দুর্বলতা হিসেবে প্রচার করতে না পারে, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে নিজের শারীরিক অসুস্থতার খবর শত্রুপক্ষকে বাড়তি কোনো সুবিধায় দেবে না বলেই তিনি বিশ্বাস করেন।

চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ঘোষণা দিলেন। বর্তমানে তিনি পূর্ণোদ্যমে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here