বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির আলোকে অভিবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়া নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, বর্তমানে স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে, যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে রাষ্ট্রের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের আওতায় আফগানিস্তান, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, কিউবা, মিশর, ইথিওপিয়া, ঘানা, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, লেবানন, লিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়াসহ আরও বহু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিকরা আবেদন করতে পারলেও ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।