অধ্যক্ষের কক্ষে মারামারির ঘটনায় সেই শিক্ষিকা বহিষ্কার

0
16
অধ্যক্ষের কক্ষে মারামারির ঘটনায় সেই শিক্ষিকা বহিষ্কার

রাজশাহীর দূর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে অপ্রীতিকর ঘটনায় (বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মারধর করা) প্রদর্শক (শিক্ষিকা) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বহিষ্কার করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল।

রোববার (২৬ এপ্রিল) রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান এ আদেশ জারি করেন।

এ নিয়ে অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান বলেন, কলেজটি জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। তদন্তের স্বার্থে ও তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।

এদিকে, রোববার বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপশাসনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।

মানববন্ধনে কলেজের শিক্ষক ও কর্মচারীরা দাবি করেন, গত ২৩ এপ্রিল তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহার ও আর্থিক সহযোগিতার বিষয়ে কথা বলতে আসলে প্রদর্শক আলেয়া খাতুন হীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাঁদাবাজ অ্যাখা দিয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। ভিডিও বন্ধ করতে বললে আলেয়া তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণেই কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরদিন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়। এ নিয়ে আকবর আলীসহ কয়েকজন শনিবার (২৫ এপ্রিল) রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন থেকে অধ্যক্ষ এবং আলেয়াকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার সময় বেধে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here