চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

0
19
চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন ওই এলাকার ভোটাল মুন্সীবাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে দেলোয়ার হোসেন প্রতিবেশী ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

শিশুটির মা জানান, দেলোয়ার হোসেন মসজিদের বেতনের টাকা আনতে তাদের বাড়িতে এসেছিলেন। তখন তিনি রান্নাঘরে ব্যস্ত ছিলেন। দেলোয়ার যাওয়ার সময় পাশের ঘর থেকে তার মেয়েকে বিস্কুট দেওয়ার কথা বলে নিয়ে যান। পরে তিনি মেয়েকে খুঁজতে বের হলে দেখেন, অভিযুক্তের ঘর থেকে তার মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছে। শিশুটি তার মাকে ব্যথার কথা জানায়।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

প্রতিবেশীরা অভিযোগ করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও এ ধরনের একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা সামাজিক অবক্ষয়। এটি রোধে প্রতিটি পরিবারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here