রাজধানীর গুলশানে শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তিনি কোন দেশের নাগরিক, তার সাথে কি হয়েছিল; সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে তাকে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে (কন্টিনেন্টাল হাসপাতাল) আনা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে “আনঅ্যাটেনডেড ডেথ (ফাউন্ড ডেড)” উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া মরদেহের মুখে আঘাতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ ও ফোলাভাব লক্ষ্য করা গেছে। চোখের চারপাশেও রক্তজমাটের মতো চিহ্ন রয়েছে।