আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস

0
18
আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল শনিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে অংশ নেওয়া হাজারো প্রতিযোগীর সঙ্গে সংযুক্ত হবেন তিনি।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে বিকাশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

এবারের আয়োজনে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট রাখা হয়েছে। গত ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী নিবন্ধন করেছে, যার মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন ছেলে এবং ৪৪ হাজার ১৩৩ জন মেয়ে।

ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দল গঠন শেষ হয়েছে। আগামী ১৩ থেকে ২২ মে পর্যন্ত আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে প্রতিভা বাছাই করা হবে। নির্বাচিতদের বিকেএসপিতে ভর্তির সুযোগ, ক্রীড়া বৃত্তি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভাতা, জার্সি ও সনদপত্র দেওয়া হবে। পুরো কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়েছে এবং খেলোয়াড়দের নিরাপত্তায় মেডিকেল টিম রাখা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্ম তৈরির একটি বড় উদ্যোগ, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here