ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় মিছিল থেকে ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এছাড়া, ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শনিবার (২ মে) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ‘ভোর ৬টার দিক থেকে ছাত্রলীগের কয়েকজন মিছিল করেন। আমাদের মোবাইল টিম তাৎক্ষণিক দুইজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।’
এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়ক থেকে রাজু ভাস্কর্যের সামনে এলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় ঘটনাস্থলে (টিএসসি এলাকায়) থাকা আরেকটি মাইক্রোবাসের চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।