দেশের তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি একযোগে সারাদেশে এই বৃহৎ ক্রীড়া কর্মসূচির শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হাজারো শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমি চাই তোমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।’
লেখাপড়ার পাশাপাশি শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র ও সরকার সবসময় তোমাদের পাশে আছে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের সময় প্রায় শেষ। আমরা একটি উন্নত বাংলাদেশের পথ শুরু করে দিয়ে যাবো, যা তোমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন বড় খেলোয়াড়, বড় মানুষ, দক্ষ নেতা এমনকি প্রধানমন্ত্রী তৈরি হবে।’
সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ঘোষণার পর দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এই ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা অন্বেষণ করা।