সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: ৮ নির্মাণ শ্রমিক নিহত

0
19
সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: ৮ নির্মাণ শ্রমিক নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, রোববার সকালে সিলেট থেকে পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) ও মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়ার কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

বেলা ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর থেকে পিকআপ ও ট্রাকের চালক দুজনেই পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here