জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ।
সোমবার (৪ মে) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক হজ যাত্রী মক্কা ও মদীনায় গমন করেন।
তিনি বলেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করে।
স্পিকার বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।
সাক্ষাৎকালে তাঁরা উভয়েই দুই দেশের মধ্যে আন্ত:সংসদীয় সম্পর্ক জোরদার ও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এসময় তাঁরা চলমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে এসময় রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি’র কার্যকরী ভূমিকা রাখার প্রস্তাব করেন।
অনুষ্ঠানে সৌদি দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।