সৈয়দপুরে সিলিন্ডার বিস্ফোরণ: আগুনে পুড়ল ৬ দোকান

0
28
সৈয়দপুরে সিলিন্ডার বিস্ফোরণ: আগুনে পুড়ল ৬ দোকান

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কয়া মিস্ত্রিপাড়া বিশ্বরোড সংলগ্ন বসুনিয়া মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একটি খাবারের হোটেলে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একই সারিতে থাকা অন্তত ৬টি দোকান আগুনে পুড়ে যায়। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, বহু বছরের সঞ্চয় মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here