নেত্রকোনায় জুতার ভেতরে ইয়াবা, মামা-ভাগ্নে আটক

0
27
নেত্রকোনায় জুতার ভেতরে ইয়াবা, মামা-ভাগ্নে আটক

নেত্রকোনার পূর্বধলায় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নেত্রকোনা।

ডিএনসি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পূর্বধলা থানার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের প্রদীপ পণ্ডিতের বাড়ির পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজনদের জুতার ভেতর থেকে বিশেষভাবে লুকানো ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন- দূর্গাপুর উপজেলার হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান এবং বাড়য়পাড়া গ্রামের মো. রমজান আলী তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২৫ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসি নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হক। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিএনসি নেত্রকোনা জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here