চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ছিনতাইকারীদের কবলে পড়েছে। শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জনি বণিক (২৯) জানান, বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। নূনাছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এতে গাড়িচালক গাড়ি থামালে কয়েকজন যাত্রী নিচে নেমে মোবাইলের আলো জ্বালিয়ে কিছু পড়ে গেছে কি না তা খুঁজতে থাকেন।
এ সময় মহাসড়কের পাশের জমি থেকে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত বেরিয়ে এসে তাদের ঘিরে ফেলে। দুর্বৃত্তদের হাতে রামদা, কিরিচ ও ছুরি ছিল। তারা ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের জিম্মি করে ৫টি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ৩০ হাজার টাকা, নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
ঘটনার সময় গাড়ির বাইরে থাকা তিনজনকে ধাওয়া করলে তারা দৌড়ে পাশের একটি মসজিদে আশ্রয় নেন। সেখান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।
পরে ভুক্তভোগীরা সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সকালে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রব্বানী জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।